এবার বাংলাদেশ সীমান্তে স্মার্ট সেন্সর বসাচ্ছে ভারত

ইসলাম টাইমস  ডেস্ক: ভারত সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে। এ কারণে বাংলাদেশ সীমান্তে লেজার ওয়ালের পাশাপাশি স্মার্ট সেন্সর প্রযুক্তিও ব্যবহার করবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এই রকম বেশ কিছু পদক্ষেপ নিতে চলেছে বলে বিএসএফের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। খবর ডেইলি হান্ট।

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশকেও (বিজিবি) নিজেদের এলাকায় একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলেও জানা গেছে।

বিএসএফ সূত্রে জানা গেছে, আগামী এক বছরের মধ্যেই বাংলাদেশ-ভারত সীমান্তের বিশেষ জায়গাগুলো চিহ্নিত করবে বিএসএফ। পাশাপাশি নদী বা জলাভূমিতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে তারা। যেসব অঞ্চলে স্বাভাবিকভাবে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না সেসব অঞ্চলে লেজার ওয়াল ও স্মার্ট সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হবে, যা রাতে এমনকি কুয়াশার মধ্যেও সক্রিয় থাকবে।

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স সূত্র জানিয়েছে, এরই মধ্যে এই কর্মসূচি সফল করতে যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয় প্রক্রিয়া শুরু হয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়ন হলে ইন্দো-বাংলা সীমান্ত পরিস্থিতির আরও উন্নতি হবে।

পূর্ববর্তি সংবাদখুলনায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত
পরবর্তি সংবাদ‘সিরিয়ায় আমেরিকার ৩০ হাজার ট্রাক অস্ত্র পাঠানোর বিষয়টি মানবে না তুরস্ক’