ইসলাম টাইমস ডেস্ক: দেশের কোথাও যেন কিশোর ‘গ্যাং কালচার’ গড়ে উঠতে না পারে সেক্ষেত্রে তৎপর থাকার জন্য জেলার পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
রোববার (৮ সেপ্টেম্বর) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ঢাকা, চাঁদপুর, নওগাঁ, গাইবান্ধা ও চুয়াডাঙ্গা জেলায় নবনিযুক্ত পুলিশ সুপারদের ব্রিফিংকালে এ নির্দেশনা প্রদান করেন।
পুলিশ প্রধান বলেন, পুলিশের একার পক্ষে অপরাধ দমন করা দুরূহ। অপরাধ দমনে জনগণকে সম্পৃক্ত করা অপরিহার্য। তিনি কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনে কাজ করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
আইজিপি বলেন, নারী নির্যাতন, ধর্ষণ, শিশু নির্যাতনের মতো অপরাধ অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।
জাবেদ পাটোয়ারী আরও বলেন, বর্তমান সরকারের ‘রূপকল্প-২০৪১’ বাস্তাবায়নের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। উন্নত দেশের উপযোগী করে পুলিশ বাহিনীকে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। সর্বস্তরে সততা ও শুদ্ধাচার চর্চার মাধ্যমে বাংলাদেশ পুলিশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান আইজিপি।
















