ইসলাম টাইমস ডেস্ক: ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগের গণহত্যা আমার মাথাকে নত করে দেয়। এটা নিঃসন্দেহে পৃথিবীর জন্য একটি কলঙ্কিত অধ্যায়। ১৩ এপ্রিল দিনটি ভারতে বৃটিশদের জন্য চরম লজ্জার একটি দিন।
চার্চ অব ইংল্যান্ডের প্রধান জাস্টন ওয়াইলাবি ভারতের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের গণ-কবর পরিদর্শনে এসে এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমি বৃটিশ সরকারের কোনো রাজ কর্মচারী নই। তাই সরকারের পক্ষ থেকে কিছু বলছি না। তবে আমি যিশুর নামে শপথ করে বলতে পারি, নিঃসন্দেহে এ হত্যাকাণ্ডেরর ঘটনা ছিল চরম অন্যায়।
তিনি আরও বলেন, ১৯১৯ সালের গণহত্যায় প্রাণ হারানো ব্যক্তিদের আত্মা এইসব পাথরের রূপে আহাজারি করছে। আমাদের শক্তি ও ক্ষমতার অপব্যবহারের বিষয়ে সতর্ক করছে।
আরও পড়ুন: শত বছরেও মুছেনি যে হত্যাকাণ্ডের দাগ
আমি রাজনীতির লোক নই। আমি একটি ধর্মের প্রতিনিধত্বকারী কেবল। এখানে এসে আমার লজ্জা ও আফসোস হচ্ছে। আমার জাতির হেন কর্মে আমার মাথা নত হয়ে আসছে।
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ভারতীয় উপমহাদেশের ইতিহাসে অন্যতম কুখ্যাত গণহত্যা। ১৯১৯ সালের ১৩ এপ্রিলে অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর শহরে ইংরেজ সেনানায়ক ব্রিগেডিয়ার রেগিনাল্ড ডায়ারের নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই শহরের জালিয়ানওয়ালাবাগ নামক একটি বদ্ধ উদ্যানে সমবেত নিরস্ত্র জনগণের উপর গুলিবর্ষণ করা হয়েছিল। সূত্র: বিবিসি উর্দু
















