ইসলাম টাইমস ডেস্ক: কেন্দ্রীয় কমিটির কর্মকাণ্ড নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার অসন্তোষের জেরে নিজের অবস্থান ব্যক্ত করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ডাকসুর জিএস গোলাম রাব্বানী। এ সময় তিনি বলেন, ‘আমরা উপরে আল্লাহ নিচে জননেত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছি। আমরা আপার মনে কষ্ট দিয়ে ছাত্রলীগ গড়ে তুলতে চাই না। নেত্রীকে কষ্ট দিয়ে আমরা কেউ ছাত্রলীগ করতে চাই না।’
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ডাকসু ভবনের সামনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গোলাম রাব্বানী বলেন, ‘ছাত্রলীগ হচ্ছে, আপার (শেখ হাসিনা) আমানত। তিনি যেভাবে বলবেন আমরা সেভাবে করব। আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে প্রত্যেকটি অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট জবাব আমাদের কাছে রয়েছে। তারপরও আমরা স্বীকার করি, আমাদের কার্যক্রমগুলো আরও ভালো করার কথা ছিল। সেই চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজগুলো করতে চাই।’
তিনি বলেন, ‘আমরা সবকিছু শুধরে কাজ করতে চাই। যেন কেউ ছাত্রলীগের বিরুদ্ধে আঙুল তুলে কথা বলতে না পারে।’
তাদের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো উদ্দ্যেশ্য প্রণোদিত, অতিরঞ্জিত বলেও দাবি করেন ছাত্রলীগের এই নেতা। এ বিষয়ে তিনি বলেন, স্বেচ্ছায় কোনো নৈতিক স্খলনজনিত কাজ করেননি দাবি করে তিনি বলেন, ‘স্বেচ্ছায় সজ্ঞানে এমন কোনো কিছু করি নাই যেটা নৈতিক স্খলনজনিত কোনো অপরাধ অথবা ছাত্রলীগের আদর্শিক জায়গা থেকে ভিন্ন।’
















