ইসলাম টাইমস ডেস্ক : হারানো স্বাধীনতা ফিরে পেতে আন্তর্জাতিক মহলের সাহায্য চেয়েছে ইউঘুর মুসলিমরা। ১২ নভেম্বর উইঘুরের স্বাধীনতা দিবসে এ আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত উইঘুর মুসলিম সম্প্রদায়।
তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউজের সামনে স্বাধীনতার দাবিতে মিছিলও করে।
এ কর্মসূচির আয়োজন করে ইস্ট তুর্কিস্তান ন্যাশনাল অ্যাওকেনিং মুভমেন্ট। যুক্তরাষ্ট্রে নির্বাসিত বিশ্ব উইঘুর কংগ্রেসের সাবেক সভাপতি রাবিয়া কাদির ওই মিছিলে নেতৃত্ব দেন।
১২ নভেম্বর উইঘুরের ৭৪ ও ৮৫তম স্বাধীনতা দিবস। ১৯৩৩ ও ১৯৪৪ সালে স্বল্প সময়ের জন্য পূর্ব তুর্কিস্তান নামে স্বাধীন দেশ পেয়েছিল উইঘুররা। পরে তা চীনের দখলে চলে যায়।
জাতিসংঘের দাবি অনুসারে-চীনের বন্দিশালায় বর্তমানে নারীসহ ১০ লাখ উইঘুর মুসলমান আটক আছেন।
স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের সামনে যুক্তরাষ্ট্র ও পূর্ব তুর্কিস্তানের পতাকা হাতে বিশাল মিছিল বের করেন উইঘুররা।
মিছিল শেষে তারা এক সমাবেশে মিলিত হন। সেখানে বক্তারা উইঘুর মুসলিমদের গণগ্রেফতার ও নির্যাতন বন্ধে এবং স্বধীনতার জন্য যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য কামনা করেন।
সূত্র : আল জাজিরা
















