প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকির’ অভিযোগে দুদুর বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা

ইসলাম টাইমস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মামলা করেছেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি।

দুপুরে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ আদালতে মামলার বাদি এ আবেদন জমা দেন। আবেদনের ওপর শুনানি শেষে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, আসামি শামসুজ্জামান দুদু গত ১৮ই সেপ্টেম্বর বনানীর নিজ বাসভবনে বেসরকারি টেলিভিশন ডিবিসি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছে, শেখ হাসিনারও বিদায় হবে। যা ওই চ্যানেলটিতে প্রচার হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে জনমনে ভীতির সঞ্চার হয়েছে। আসামি এ বক্তব্য প্রদানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন এবং তিনি তাকে হত্যাচেষ্টা করছেন।

মামলাটিতে শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আবেদন করেছেন বাদি। এছাড়াও মামলায় বাদি নিজেসহ চারজন সাক্ষীর কথা উল্লেখ করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মা ও দুই মেয়েকে গলাকেটে হত্যা
পরবর্তি সংবাদরোহিঙ্গারা বাংলাদেশের জন্য বোঝা হয়ে উঠছে : প্রধানমন্ত্রী