ইসলাম টাইমস ডেস্ক: একাদশ সংসদের বিতর্কিত নির্বাচন ও দেশের অর্থনৈতিক অবস্থা, রোহিঙ্গা সমস্যা, মানবাধিকার পরিস্থিতি ইত্যাদি বিষয়ে সার্বিক তথ্য ব্রিটিশ কনজারভেটিভ পার্টির একটি প্রতিনিধিদলের কাছে তুলে ধরেছে বিএনপি। এ ছাড়া দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয় নিয়েও বিএনপি কথা বলেছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কনজারভেটিভ পার্টির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব বিষয় আলোচনা হয়।
বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদু চৌধুরী সাংবাদিকদের বলেন, ব্রিটিশ প্রতিনিধিদল বাংলাদেশের প্রকৃত অবস্থা বিএনপির কাছে জানতে চেয়েছে। তারা সেটা তুলে ধরেছেন।
আলোচনায় খালেদা জিয়ার মুক্তির বিষয়টি গুরুত্ব পেয়েছে জানিয়ে আমীর খসরু বলেন, তারা অনুধাবন করতে পারছে যে বিষয়টি বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘দেশে যে নির্বাচন হয়ে গেল, তা যে গ্রহণযোগ্য হয়নি, দেশে-বিদেশে এটার সমাধান কী হতে পারে, এটা থেকে কীভাবে আমরা বেরিয়ে আসতে পারি, তা নিয়ে আলোচনা হয়েছে।’
খালেদা জিয়ার মুক্তি না হওয়ায় ব্রিটিশ প্রতিনিধিদলও উদ্বেগ প্রকাশ করেছে বলে জানান আমীর খসরু। তিনি বলেন, তাঁর মুক্তির সঙ্গে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন কোনো কিছুই আলাদা করে দেখার সুযোগ নেই। খালেদা জিয়ার স্বাস্থ্যের বর্তমান অবস্থাও জানিয়েছে বিএনপি।
















