প্রতি বছর মদ্যপানের কারণে সারা বিশ্বে প্রায় ৩০ লাখ মানুষের মৃত্যু হয়। অর্থাৎ বিশ্বে প্রতিদিন মৃত্যুবরণ করা প্রতি ২০ জনের একজনের মৃত্যু হয় মদ্যপানে। আঁতকে ওঠার মতো এ তথ্য উঠে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘WHO’-এর এক প্রতিবেদনে।
জাতিসংঘের সহযোগী সংস্থাটির ‘রিপোর্ট অন অ্যালকোহল অ্যান্ড হেলথ-২০১৮’ এ বলা হয়, মানুষের অস্বাভাবিক মৃত্যুর পেছনে একটি বড় কারণ হচ্ছে মদ্যপান। এ কারণে প্রতি ২০ জনের মধ্যে একজনের মৃত্যু হয়। আর মদ্যপানের কারণে প্রতি বছর ৩০ লাখ মানুষ প্রাণ হারায়। এর মধ্যে ৭৫ শতাংশই পুরুষ।
প্রতিবেদনে বলা হয়, এত সংখ্যক মৃত্যুর জন্য কেবল মদ্যপানই নয়, অ্যালকোহলের প্রতিক্রিয়াও দায়ী। কেননা, অ্যালকোহলযুক্ত পানীয় পানের পর সংঘাত ও দুর্ঘটনায় ২৮ শতাংশের মৃত্যু হয়।
অ্যালকোহলযুক্ত পানীয় পানের কারণে বিভিন্ন ধরনের পেটের অসুখে আরো ২১ শতাংশ এবং হার্টের অসুখে ১৯ শতাংশের মৃত্যু হয়। এছাড়া অ্যালকোহলের কারণে নানা ধরনের সংক্রামক অসুখ, ক্যানসার, বিভিন্ন শারীরিক সমস্যা ও মানসিক অবসাদে বাদবাকি মৃত্যু হয়।
মদ্যপানের কারণে শুধু বয়স্করাই নয়, অল্পবয়সীরাও ঝুঁকির মুখে রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বলা হচ্ছে, বিশ্বের ১৫-১৯ বছরের ছেলে-মেয়েরা মদ্যপানে অভ্যস্ত হয়ে উঠছে। আর এক-চতুর্থাংশ সদ্য প্রাপ্তবয়স্করা মদ্যপানে উৎসাহী হচ্ছে। এটি সারা বিশ্বের জন্য অনেক বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
















