ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি সড়কে এক ভয়াবহ বাস দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। তাছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫ জন। খালিজ টাইমস।
জানা যায়, রবিবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে যাত্রীবাহী বাসটি স্কারডু থেকে রাওয়ালপিন্ডি যাওয়ার পথে পার্শ্ববর্তী বাবুসর এলাকায় দুর্ঘটনার শিকার হয়। মূলত এতেই এ হতাহতের ঘটনা ঘটে।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া পুলিশের এক কর্মকর্তা ‘জিও টিভি’কে বলেন, ‘আজ সকালে যাত্রীবাহী বাসটি স্কারডু থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। পথিমধ্যে মোড় পরিবর্তনের সময় গাড়ির গতি বেশি থাকায় আচমকা পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে। এতে মুহূর্তের মধ্যে বাসটির যাত্রীরা আশপাশে ছিটকে পড়েন।’
পুলিশের এ কর্মকর্তা আরও বলেছেন, ‘দুর্ঘটনায় উদ্ধারকৃত ২৬ মরদেহের মধ্যে বেশ কিছু নারী ও শিশু রয়েছেন। যাদের এরই মধ্যে মর্গে পাঠানো হয়েছে। তাছাড়া এতে আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তারা চিকিৎসাধীন অবস্থায় আছে।’
যদিও হতাহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুর্ঘটনায় নিহতের সংখ্যা সামনে আরও বাড়তে পারে বলেই তার ধারণা।
















