ইসলাম টাইমস ডেস্ক: মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী আল হুযাইফি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে (স্ট্রোক) শায়খ হুযাইফি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়।
সৌদি সংবাদমাধ্যমে বলা হয়েছে, এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
শায়খ আলী ইবনে আবদুর রহমান আল হুযাইফি শায়খ হুযাইফি নামে বেশি পরিচিত। তিনি মক্কার উত্তরে আল কার্ণ আল মুস্তাকিম গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন সৌদি সেনাবাহিনীর একজন ইমাম।
১৯৬১ সালে নিজ এলাকার মাদরাসায় কোরআনে কারিম হিফজ শেষে বালজুরাশির সালাফিয়া মাদরাসা থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে বৈজ্ঞানিক ইনস্টিটিউটে ভর্তি হন।
১৯৭৫ সালে আল হুযাইফি রিয়াদের ইমাম মুহাম্মদ বিন সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে শরিয়াহ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং বৈজ্ঞানিক ইনস্টিটিউটের প্রশিক্ষক হিসেবে নিয়োগ পান। সেখানে তিনি ইসলামি বিজ্ঞান ও আরবি পড়ান।
এ সময় তিনি বালজুরাশির একটি মসজিদে ইমাম ও ধর্ম প্রচারকের (দাঈ) দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে শায়খ হুযাইফি পিএইচডি ডিগ্রি লাভ করেন। পিএইচডি ডিগ্রি লাভের পর কিছুদিন ইমাম মুহাম্মদ বিন সৌদ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।
শায়খ হুযাইফি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কারি। শায়খ আহমদ আবদুল আজিজ আলজিয়াত, আমের আল সায়াদ উসমান, আবদুল ফাত্তাহ আল কাদি ও হামমাদ আল-আনসারীসগ বিখ্যাত কারিদের কাছ থেকে তিনি কোরআন তেলাওয়াত শিখেছেন। কোরআন তেলাওয়াতের জন্য বিশ্বব্যাপী তার বেশ সুনাম রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে তার কোরআন তেলাওয়াত প্রশংসিত।
তিনি বেশ কিছুদিন কুবা মসজিদে ইমামতি করেছেন। পরে ১৯৭৯ সালে মসজিদে নববীর ইমাম হিসেবে নিয়োগ পান।
















