‘আবকি বার ট্রাম্প সরকার’: ভারতজুড়ে নতুন বিতর্কে মোদি

ইসলাম টাইমস ডেস্ক: আমেরিকার টেক্সাসে এক বিশাল জনসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে দাঁড়িয়ে তার হয়ে ভোটের প্রচার করেছেন, ভারতের বিরোধী দলগুলো তার তীব্র সমালোচনা করছে।

কংগ্রেস নেতা আনন্দ শর্মা অভিযোগ করেছেন, ‘হাউডি মোদী’ নামে ওই মেগা-ইভেন্টে প্রধানমন্ত্রী যেভাবে ট্রাম্পকে আবার জেতানোর জন্য প্রকাশ্যে স্লোগান দিয়েছেন – তা ভারতের বিদেশ নীতির পরিপন্থী।

পর্যবেক্ষকরাও অনেকেই মনে করছেন, আমেরিকার মাটিতে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্টের হয়ে মোদীর এই প্রচারণা এক অভূতপূর্ব ঘটনা – যদিও ভারতের শাসক দল বিজেপি বুঝিয়ে দিয়েছে, তারা এই সব সমালোচনা আদৌ গায়ে মাখছে না।

টেক্সাসের হিউস্টনে রবিবার রাতে প্রায় পঞ্চাশ হাজার ইন্দো-আমেরিকান দর্শকের সামনে হাত-ধরাধরি করে নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের ঘুরে বেড়ানোর দৃশ্য ব্যাপকভাবে হইচই ফেলেছে।

কিন্তু অনেকে তার চেয়েও বেশি অবাক হয়েছেন মোদী সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে আবার জেতানোর আহ্বান জানানোয়।

ভারতে নিজের জনপ্রিয় নির্বাচনী স্লোগান ‘আবকি বার মোদী সরকারে’ যেভাবে তিনি ট্রাম্পের নাম বসিয়ে আবার তার সরকারকে ক্ষমতায় আনানোর ডাক দিয়েছেন, ভারতের কোনও প্রধানমন্ত্রী দেশে বা বিদেশে কখনও তা করার কথা সম্ভবত ভাবতেও পারেননি।

তবে এর কয়েক ঘন্টার মধ্যেই কংগ্রেস নেতা ও সাবেক ক্যাবিনেট মন্ত্রী আনন্দ শর্মা টুইট করে প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দেন, আমেরিকার প্রতি ভারতের নীতি বরাবরই ছিল ‘বাইপার্টিসান’।

অর্থাৎ রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে ভারত কখনওই একটি রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত দেখায়নি। তিনি আরও দাবি করেন, ট্রাম্পের হয়ে স্লোগান দিয়ে মোদী আসলে দুই দেশেরই সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মর্যাদাকেই খর্ব করেছেন।

কংগ্রেস মুখপাত্র ব্রিজেশ কালাপ্পা বিবিসিকে বলছিলেন, “এটা তো পরিষ্কার আমেরিকার ঘরোয়া রাজনীতিতে হস্তক্ষেপ। তা ছাড়া আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা বরাবরই ডেমোক্র্যাটদের সমর্থক, বারাক ওবামাকে তারা খুবই পছন্দ করতেন।”

“সেখানে একজন রিপাবলিকান প্রেসিডেন্ট যদি ইন্দো-আমেরিকানদের ভোট জিততেও চান, মোদী কেন তার ফাঁদে পা দেবেন? কই, চীনের নেতারা তো তাদের ডায়স্পোরার কাছে গিয়ে কখনও এরকমটা করেন না!”

 

রাষ্ট্রবিজ্ঞানী তথা প্রবীণ রাজনীতিবিদ ওমপ্রকাশ মিশ্রও মনে করছেন, নরেন্দ্র মোদী গত রাতে হিউস্টনে যা করেছেন ভারতের ইতিহাসে তা সম্পূর্ণ নজিরবিহীন।

সূত্র: বিবিসি বাংলা

পূর্ববর্তি সংবাদজব্দ করা হল খালেদ মাহমুদ ও জি কে শামীমের ব্যাংক অ্যাকাউন্ট
পরবর্তি সংবাদআমেরিকায় বায়তুল হামদ ইনস্টিটিউটে খতমে বোখারী অনুষ্ঠিত