ইসলাম টাইমস ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস প্রাঙ্গণে দুটি বিধ্বংসী রকেট হামলা চালানো হয়েছে। যদিও এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা যায়, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে চালানো এই হামলার পরপরই সেখানে অনবরত সাইরেন বাজতে শুরু করে। বার্তা সংস্থা ‘এএফপি’।
রাজধানীর গ্রিন জোন হিসেবে পরিচিত সেই এলাকায় বিদেশি দূতাবাস এবং দেশটির বেশ কিছু সরকারি ভবন অবস্থিত। ইরাকের দুই প্রধান মিত্র দেশ ইরান ও যুক্তরাষ্ট্র মধ্যকার উত্তেজনার মধ্যেই সর্বশেষ এই হামলার ঘটনাটি ঘটল বলে দাবি বিশ্লেষকদের।
অঞ্চলটির একটি বিদেশি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থাকে জানায়, মঙ্গলবার সকালে প্রায় ১০০ মিলিমিটারের দুটি রকেট মার্কিন দূতাবাস চত্বরে আঘাত হেনেছে। এছাড়া তৃতীয় রকেটটি পার্শ্ববর্তী টাইগ্রিস নদীতে গিয়ে বিধ্বস্ত হয়।
সূত্রটি আরও জানায়, প্রথম রকেটটি মার্কিন দূতাবাস ভবনের প্রবেশদ্বার থেকে প্রায় তিন মিটার দূরত্বে আঘাত হানে। যদিও তেহরানের দাবি, মার্কিন দূতাবাসের কাছে যে দুটি কাতিয়ুসা রকেট আঘাত হেনেছে। সেগুলো বাগদাদের দক্ষিণাঞ্চল থেকে ছোঁড়া হয়েছিল।
বিধ্বংসী এই হামলায় ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো পরিষ্কার নয়। তাছাড়া এর দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী কিংবা সংগঠন স্বীকার করে নেয়নি।
















