রাখাইনে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: মাহাথির মোহাম্মদ

ইসলাম টাইমস ডেস্ক: রাখাইনে রোহিঙ্গাদের উপর গণহত্যা এবং সেখানে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছে মিয়ানমার বলে মন্তব্য করেছেন মালেশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সাথে সাথে রোহিঙ্গা ইস্যুতে নীরব থাকায় জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর সমালোচনা করেছেন তিনি। খবর মালয় মেইলের।

জাতিসংঘ সদর দফতরে মঙ্গলবার স্থানীয় সময় বিকালে ওআইসি সেক্রেটারিয়েট ও জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত ‘রোহিঙ্গা সংকট: উত্তরণের উপায়’ শীর্ষক উচ্চপর্যায়ের এক সভায় এ কথা বলেন মালেশিয়ার প্রধানমন্ত্রী।

এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওআইসির মহাসচিব ইউসেফ আহমেদ আল-ওথাইমিন প্রমুখ।

রাখাইনে মিয়ানমারের কথিত সন্ত্রাসবিরোধী অভিযানকে হাস্যকর মন্তব্য করে মাহাথির বলেন, মিয়ানমার যখন সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলায় ব্যবস্থা নেয়ার কথা বলেছে, তখন তারা আসলে রোহিঙ্গাদের নির্যাতন করে দেশ থেকে তাড়াচ্ছিল।

লাখ লাখ মানুষ দেশ ছেড়ে প্রাণ ভয়ে পালিয়েছে তাদের কথিত সন্ত্রাসবিরোধী ব্যবস্থায়। সেখানে যা হয়েছে তা রাষ্ট্রীয় বা প্রাতিষ্ঠানিক সন্ত্রাস। তিনি বলেন, অসংখ্য মানুষ অবর্ণনীয় নৃশংসতার শিকার হয়েছে। এমনকি সেখানে পুরো একটা প্রজন্ম নিশ্চিহ্ন করে ফেলতে দেখা গেছে। কিছু সৌভাগ্যবান মিয়ানমার থেকে পালাতে পেরেছে। কিন্তু এখন তারা আবার মাতৃভূমিতে ফিরতে পারছে না।

মালয়েশীয় প্রধানমন্ত্রী বলেন, গণহত্যা, ধর্ষণসহ ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছিল মিয়ানমারে। ফলে রোহিঙ্গারা দেশ ছেড়ে পালায়, যাদের অধিকাংশ আশ্রয় নিয়েছে কক্সবাজারে। বাংলাদেশ ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে।

মালয়েশিয়া এক লাখ নিবন্ধিত রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে জানিয়ে মাহাথির বলেন, মালয়েশিয়ায় অনিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা আরও বেশি। তবে বাংলাদেশে আশ্রয় নেয়া বিপুলসংখ্যক রোহিঙ্গাদের তুলনায় এ সংখ্যা একেবারেই কম।

পূর্ববর্তি সংবাদ‘বিজেপি বাংলায় এনআরসির ইট মারলে পাটকেল খেতে হবে’
পরবর্তি সংবাদধামরাইয়ে মসজিদে নামাজরত মুসল্লীদের উপর হামলা