অপরিচিত নাম্বার থেকে সিসিক মেয়র আরিফুল হককে প্রাণনাশের হুমকি

ইসলাম টাইমস ডেস্ক: দু’টি মোবাইল নাম্বার থেকে বারবার ফোন করে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তার ব্যক্তিগত নাম্বারে একাধিকবার কল করে অশ্রাব্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এমন অভিযোগে আজ শনিবার মেয়রের পক্ষে নগরীর কোতোয়ালী থানায় সিসিকের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব জিডি করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, আজ শনিবার সকাল ১০টা ৫ মিনিট থেকে পর পর দু’টি নাম্বার (০১৭১২১৩২৫৯৮ ও ০১৯২১৮৭৪৬৮১) থেকে মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত মোবাইল নাম্বারে কল করে অশ্রাব্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি প্রদান করা হয়। এর ফলে ভবিষ্যতে তার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘শনিবার সকালে সিটি করপোরেশনের স্কুলের জন্য শহরতলির লাক্কাতুরায় জায়গা দেখতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে ওই দু’টি নাম্বার থেকে কল করে গালিগালাজ করা হয়। তারা প্রাণনাশের হুমকিও দেয়। নিজেদের পরিচয় দেয়নি তারা। আমি তাদেরকে বলি, আমাকে মারতে হলে সামনে আয়। শহরে ফেরার পরও তারা বারবার কল করছিল। বাধ্য হয়ে থানায় জিডি করেছি।’

নগরীর কোতোয়ালী থানার ওসি মো. সেলিম বলেন, ‘মেয়র মহোদয়কে যে দু’টি নাম্বার থেকে হুমকি দেওয়া হয়েছে, সে নাম্বারগুলোর বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’

পূর্ববর্তি সংবাদশিক্ষিত লোকদের মাধ্যমে অপরাধ বেশি হচ্ছে : আইনমন্ত্রী
পরবর্তি সংবাদশিশুদের প্রাথমিক ইসলামি শিক্ষা নিশ্চিত করা গেলে তারা ঈমানহারা হবে না : আল্লামা কাসেমী