ইসলাম টাইমস ডেস্ক: ব্রাহ্মণবাড়িযার নবীনগরের বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন দিয়ে তৈরি করা গেইটগুলো ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িযার নবীনগরের বিভিন্ন সড়কে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিন সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর একে এম মুমিনুল হক সাঈদের নেতা-কর্মী ও সমর্থকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি সম্বলিত বেনার ফেস্টুন দিয়ে অর্ধশত গেইট তৈরি করেন। ওইসব গেইটগুলো আজ রোববার সকালে শ্যামগ্রাম, রসুল্লাবাদ ও নবীনগর কোম্পানীগঞ্জ সড়কের পাশে ভেঙ্গে পরে থাকতে দেখা গেছে।
অভিযোগ উঠেছে, নবীনগর উপজেলা শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ধনু মেম্বারের নির্দেশে গেটগুলো ভেঙ্গে ফেলা হয়েছে ।
শ্যামগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আল আলিম ফকির ডালিম বলেন, আমি শুনেছি শ্যামগ্রামের জনতা ডেকোরেটরের লোকজন শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধনু মেম্বারের নির্দেশে গেইটগুলো ভেঙ্গেছে।
অভিযোগ অস্বীকার করে ধনু মেম্বার বলেন, কোন গেইট ভাংঙ্গার নির্দেশ আমি কাউকে দেয়নি।
জনতা ডেকোরেটরের মালিক নুরুল ইসলাম বলেন, ধনু মেম্বারের অনুমতি নিয়ে আমার তৈরি করা এবাদুল করিম বুলবুল এমপি সাহেবের একটি গেইট খুলে ফেলার জন্য আমার কর্মচারীদের বলেছি। অন্য গেইটের বিষয়ে আমি কিছুই বলতে পারি না।
এ বিষয়ে নবীনগর থানার অফিসার্স ইনচার্জ রনোজিত রায় বলেন, বিষয়টি দুঃখজনক। আমরা তদন্ত করে দেখব কারা এই ঘটনার সাথে জরিত। যারা জড়িত থাকবে তারাই আইনের আওতায় আসবে।
















