ইসলাম টাইমস ডেস্ক: আমরা বিশ্বাস করি ধর্ম যার- যার উৎসব সবার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ এমপি
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু-মুসলিমসহ সব ধর্মের লোক একসাথে মিলেমিশে সম্প্রীতির সাথে বাস করছেন। দুর্গা উৎসব সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। তবে এই উৎসবে আমরা সকলে মিলেই অংশ নেই। আমরা বিশ্বাস করি ধর্ম যার- যার উৎসব সবার।
আজ সোমবার দুপুরে ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্ডপে সরকারি জিআর-এর চালের ডিও লেটার (হস্তান্তর আদেশ পত্র) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খন্দকার মোশাররফ হোসেন একথা বলেন।
এসময় তিনি সকলকে শান্তিপূর্ণভাবে দুর্গা উৎসব পালনের অনুরোধ জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সচেষ্ট থাকবে। কেউ যেনো কোনোপ্রকার অপ্রীতিকর কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তৈরি করতে না পারে।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুম রেজার সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো: আলীমুজ্জামান, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সুকেশ সাহা প্রমুখ।
এ অনুষ্ঠানে সদর উপজেলার ১৯৭ টি মন্ডপের প্রতিটির জন্য ৫ শ’ কেজি করে চালের ডিও লেটার হস্তান্তর করা হয়।
















