ইসলাম টাইমস ডেস্ক: আমি কোনো রকমের কোনো অপরাধ আমি করিনি। জামিন আমার হক বলে দাবি করেছেন দুর্নীতির মামলায় কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ বুধবার বিকালে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে দলের নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে এ কথা বলেন তিনি।
এর আগে বিকাল সোয়া ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান রুমিন ফারহানাসহ বিএনপির চার এমপি।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই চার এমপি। খালেদা জিয়ার জামিনে মুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীর পদক্ষেপ কামনা করেছেন তারা।
যেখানে পরিবারের সদস্যরা দেখা করতে বিলম্ব হচ্ছে যেখানে আপনারা সাক্ষাৎ পাচ্ছেন, সরকার আপনাদের পাঠাল কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, একদমই না।
প্যারোলে মুক্তির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি সরাসরি প্যারোলের বিষয়ে ম্যাডামকে বলেছিলাম। ম্যাডাম আমাকে বলেছেন যে, জামিন আমার হক। দেশের আইন অনুযায়ী আমি এখনই জামিন লাভের যোগ্য। কোনো রকমের কোনো অপরাধ আমি করিনি। সুতরাং এখানে প্যারোলের প্রশ্ন কেন আসবে? প্যারোলের কোনো প্রশ্নই আমাদের তরফ থেকে তোলা হয়নি।
















