প্রধানমন্ত্রী যতবার ভারত যান ততবার আমরা হতাশ হই : ফখরুল

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের নাকি সুউচ্চ সম্পর্ক। তাই প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে আমরা সবসময় বিশেষ কিছু আশা করে থাকি। কিন্তু প্রধানমন্ত্রী যতবার ভারত যান বারবার আমরা হতাশ হই। যতবারই যান আসার পর দেখি, আমরা একেবারে উজাড় করে দিয়ে এসেছি কিন্তু আমাদের মূল সমস্যাগুলোর কোনও সমাধান হয়নি।

আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘সীমান্তে হত্যা সমস্যার সমাধান হয় না, তিস্তার পানির সমস্যার সমাধান হয় না, ফারাক্কার বাঁধ খুলে দেওয়ায় আমাদের বন্যা হয়ে যায়— সেই সমস্যারও সমাধান হয় না। বাণিজ্যের মধ্যে যে ভারসাম্যহীনতা আছে— তার সমাধান হয় না। জনগণ চায় তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা বাংলাদেশ পাবে। আমরা আশা করবো সীমান্তে যেন হত্যা বন্ধ হয়ে যায়।’

এসময় বেগম জিয়ার মুক্তি প্রসঙ্গে তিনি বলেন,  কারও অনুকম্পায় খালেদা জিয়া মুক্ত হবেন না বলে মন্তব্য করে ফখরুল বলেন, ‘তিনি অবশ্যই তার যে হক, ন্যায্য অধিকার, জামিন পাওয়ার অধিকার, সেই অধিকারেই মুক্ত হবেন। বেআইনি ও মিথ্যা মামলা দিয়ে আর যাই করা হোক, খালেদা জিয়াকে আটকে রাখা যাবে না। জনগণ অবশ্যই আন্দোলনের মধ্যদিয়ে তাদের প্রিয় নেত্রীকে বের করে নিয়ে আসবে।’

পূর্ববর্তি সংবাদসনাতন ও ইসকন বিরোধ: ঠাকুরগাঁও মন্দিরে ১৪৪ ধারা জারি
পরবর্তি সংবাদ‘সেগুনবাগান মাদরাসা ও মসজিদ উচ্ছেদের ষড়যন্ত্র বরদাশত করা হবেনা’