রংপুর-৩: এরশাদের শূন্য আসনে চলছে ভোট গ্রহণ, ভোটার উপস্থিতি কম

ইসলাম টাইমস ডেস্ক: রংপুর-৩ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকাল ৫টা পর্যন্ত।

তবে ভোটগ্রহণের শুরুতে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। সকাল ৯টার আগ মুহূর্তে কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ থেকে ১১ জন ভোটার দেখা গেছে। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কলেজ ভোটকেন্দ্রে দেখা গেছে পাঁচজন ভোটার।

ভোটগ্রহণ উপলক্ষে ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে রংপুরের আঞ্চলিক নির্বাচন কমিশন অফিস। আইনশৃঙ্খলা বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে। এর আগে, গত বৃহস্পতিবার সব কেন্দ্রে পাঠানো হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। আর শুক্রবার (৪ অক্টোবর) কেন্দ্রে-কেন্দ্রে পাঠানো হয়েছে বাকি নির্বাচনি সরঞ্জাম। শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে উপ-নির্বাচনের সার্বিক প্রস্তুতি গণমাধ্যমের সামনে তুলে ধরেন রিটার্নিং কর্মকর্তা ও রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম শাহাতাব উদ্দিন। আর আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়ে সাংবাদিকদের জানান রংপুরে কর্মরত র‌্যাব-১৩ এর কমান্ডার রেজা ফেরদৌস আহমেদ।

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ (সদর) আসনের ভোটার সংখ্যা ৪ লাখ ৪১ হাজার ২২৪ জন। এই নির্বাচনে সবকেন্দ্রে ইভিএমে ভোট নেওয়া হবে।
রিটার্নিং কর্মকর্তা শাহাতাব উদ্দিন বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নেওয়া হয়েছে চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সব কেন্দ্রে পাঠানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টিম। ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বও তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার সব কেন্দ্রে আয়োজন করা হয় মক (ডামি) ভোটের।’

পূর্ববর্তি সংবাদআবারও আলোচনায় ইসরো, সমকামিতার জের ধরেই নিহত হলেন ভারতীয় বিজ্ঞানী
পরবর্তি সংবাদঅবিবাহিত নারী পুরুষকে একত্রে হোটেল ভাড়া নেওয়ার অনুমতি দিবে সৌদি