খাশোগি হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড দাবি, যুবরাজ নির্দোষ : সৌদি অ্যাটর্নি জেনারেল

আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে সৌদি আরব স্বীকার করল, খাশোগিকে নির্মমভাবে খুন করা হয়েছে।

দেশটির অ্যাটর্নি জেনারেল সৌদ আল মোজেব বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে একথা জানান। সেই সঙ্গে তিনি এই হত্যাকাণ্ডে দায়ে সৌদির পাঁচ সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন।

এ হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান জড়িত নয় বলেও দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল।

সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল মোজেব বলেন, খাশোগির শরীরে ড্রাগ ইনজেকশন দেওয়া হয়। এরপর তাকে টুকরো টুকরো করা হয়। এরপর টুকরো করা দেহ কনস্যুলেটের বাইরে এক এজেন্টকে হস্তান্তর করা হয়। তবে খাশোগির মরদেহ এখনও উদ্ধার করা যায়নি।

সৌদি অ্যাটর্নি জেনারেলের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জামাল খাশোগিকে হত্যায় জড়িত সন্দেহে ২১ জনকে আটক রাখা হয়েছে। আটক ২১ জনের মধ্যে ১১ জনকে আদালতের মুখোমুখি করা হয়েছে। এছাড়া অন্য সন্দেহভাজনদের খাশোগি হত্যায় সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত চলছে।

প্রথমদিকে অস্বীকার করে নানা রকম কথা বললেও ঘটনার ১৭ দিন পর কনস্যুলেট ভবনের ভেতরে খাশোগি নিহত হওয়ার বিষয়টি স্বীকার করে সৌদি। তবে তারা দাবি করে, কনস্যুলেটের কর্মকর্তাদের সঙ্গে মারামারি করে নিহত হন এ সাংবাদিক। সবশেষ দেশটির অ্যাটর্নি জেনারেল সৌদ আল মোজেব খাশোগির মরদেহ টুকরো টুকরো করার কথা স্বীকার করলেন।

যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা-নির্বাসিত খাশোগি ছিলেন বাদশাহ-যুবরাজসহ সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক।

পূর্ববর্তি সংবাদভারতের তামিলনাড়ুতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘গাজা’
পরবর্তি সংবাদ‘শতভাগ সুষ্ঠু নির্বাচন পৃথিবীর কোনও দেশেই হয় নাই’