ইসলাম টাইমস ডেস্ক: কর্মস্থলে যাওয়ার পথে কাভার্ড ভ্যানের সঙ্গে ব্যক্তিগত গাড়ির সংঘর্ষে এক গার্মেন্টস কর্মকর্তা নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের মরাগাঙ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তাজিমুল ইসলাম (৩৫) আশুলিয়ার টেংগুরী এলাকার আলফা ক্লোথিং লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম)।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, সকালে তাজিমুল ইসলাম ঢাকার বাসা থেকে কর্মস্থলের উদ্দেশে আশুলিয়া যাচ্ছিলেন। তাকে বহনকারী গাড়িটি আশুলিয়া বাজারের কাছে মরাগাঙ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পানিভর্তি পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এসময় গাড়ির চালক ও পিকআপ ভ্যানের চালকসহ তিনজন আহত হন। তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু।
রাজধানীর উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করি এবং লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
















