ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগ জাপা প্রার্থীকে সমর্থন দেওয়ায় রংপুরের উপ-নিবার্চন ভোটারদের আগ্রহ এবং উপস্থিতি কম ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
তিনি বলেন, এবারের নির্বাচন এবং ৯০ এর পর থেকে প্রতিটি নির্বাচনে এখানে লাঙ্গল জয়ী হয়েছে। যেহেতু আওয়ামী লীগ আমাদের প্রার্থীকে সমর্থন দিয়ে তাদের প্রার্থী প্রত্যাহার করেছেন। সে কারণে এখানে তেমন কোন প্রতিযোগিতা হওয়া কথা নয়। যেহেতু আমাদের লাঙ্গলের প্রার্থী বিজয়ী হবে।
আজ সোমবার দুপুরে রংপুর মহানগরীর পল্লীনিবাসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, যেদিন আওয়ামী লীগ প্রার্থী প্রত্যাহার করেছে এবং আমরা আমাদের প্রার্থী নিয়ে এগিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে রংপুরের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, লাঙ্গলকে বিজয়ী করবে। আমাদেরকে বিজয়ী করবে। সেকারণে এখানে ভোটে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কিংবা প্রতিযোগিতা সেরকম কোন পরিস্থিতি তৈরি হয়নি। হওয়ার কথাও ছিল না। দরকারও ছিল না। সে কারণে হয়তো মানুষ বেশি ভোট কেন্দ্রে আসেনি বলে আমার বিশ্বাস। তথাপি আমাদের প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
এ সময় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা যুগ্ম সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক শাফিউল ইসলাম শাফি, সাংগঠনিক সম্পাদক মুন্সি আব্দুল বারীসহ দলের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
















