রাজধানীতে ডিবি পুলিশ পরিচয়ে ৯৫ লাখ টাকা ছিনতাই

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর পল্টনে ব্যবসায়ীর গাড়ির গতিরোধ করে তাকে নামিয়ে মারধর করে ও ডিবি পুলিশ পরিচয়ে ৯৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্টন থানাধীন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।

পল্টন থানার (ওসি) আবু বক্কর সিদ্দিক গণমাধ্যমকে বলেন, ওই ব্যবসায়ী নিজ গাড়িযোগে দুটি ব্যাগে ৯৫ লাখ টাকা নিয়ে যাওয়ার সময় বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে একটি হাইস গাড়িতে করে ছয় ছিনতাইকারী গতিরোধ করে।

ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়ি থেকে রাফিকে নামিয়ে মারধর করতে থাকে। একপর্যায়ে হট্টগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এগিয়ে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডিবি পরিচয়দানকারী কয়েকজন গাড়ি নিয়ে পালিয়ে গেলেও সোহাগ নামে একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

তিনি আরও বলেন, ২৫ লাখ ৮৯ হাজার টাকা উদ্ধার ও ছিনতাইকাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস আটক করা হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বাকিদের ধরতে অভিযান চলছে। আহত ব্যবসায়ীকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তি সংবাদশিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন বুয়েট উপাচার্য
পরবর্তি সংবাদদুর্গাপূজার সময় মদ খেয়ে আরও দুই জনের মৃত্যু