দফতর সম্পাদক আনিসুর রহমানকে বহিষ্কার করেছে যুবলীগ

ইসলাম টাইমস ডেস্ক: শৃঙ্খলাভঙ্গের অভিযোগে যুবলীগের দফতর সম্পাদক কাজী আনিসুর রহমানকে বহিষ্কার করেছে সংগঠনটি। যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

যুবলীগ সূত্রে জানা যায়, চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে কাজী আনিসের নাম আলোচনায় আসা, গণমাধ্যমে তার নামে বিভিন্ন দুর্নীতির চিত্র উঠে আসায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (১১ অক্টোবর) যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির প্রেসিডিয়ামের বৈঠকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ আতিয়ার রহমান বলেন, বিভিন্ন গণমাধ্যমে অভিযোগ আসায় কাজী আনিসকে যুবলীগ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেসিডিয়াম মেম্বারদের সর্বসম্মতিক্রমে তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

কাজী আনিস কেন্দ্রীয় যুবলীগের কার্যালয়ে পিয়ন হিসেবে যোগ দেন ২০০৫ সালে। বেতন ছিল মাসে পাঁচ হাজার টাকা। সাত বছর পর বনে যান কেন্দ্রীয় যুবলীগের দফতর সম্পাদক। প্রভাবশালী নেতাদের ব্যবহার করে সামান্য বেতনের কর্মচারী থেকে বনে গেছেন কোটিপতি।

দুর্নীতি-মাদকবিরোধী আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানে নজরদারিতে রয়েছেন তিনি। যেকোনো মুহূর্তে তিনি গ্রেফতার হতে পারেন বলে জানা গেছে।

এর আগে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুকের অনুপস্থিতিতেই সকাল ১০টায় বৈঠক শুরু হয়। যুবলীগের কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করছেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।

পূর্ববর্তি সংবাদবুয়েটে প্রশাসন সতর্ক থাকলে আবরার হত্যা হতো না: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদহেমায়েত ভাইয়ের সঙ্গে আর দেখা হলো না!