জাপানে আঘাত হানছে প্রলয়ঙ্করী ‘টাইফুন হাগিবিস’

ইসলাম টাইমস ডেস্ক: জাপানের উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসা শক্তিশালী সুপার টাইফুন হাগিবিসের প্রভাবে একজনের প্রাণহানি ঘটেছে। এছাড়া উপকূলীয় অঞ্চল থেকে ৩২ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

গত ৬০ বছরের ইতিহাসে এমন শক্তিশালী সুপার টাইফুনের মুখোমুখি হয়নি দেশটি। শনিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে জাপানের পূর্বাঞ্চলে এই টাইফুন আছড়ে পড়তে পারে ২১৬ কিলোমিটার গতিতে।

ইতোমধ্যে দেশটিতে নজিরবিহীন বৃষ্টিপাত শুরু হয়েছে; যে কারণে কর্তৃপক্ষ বর্ষণ দূর্যোগের সর্বোচ্চ সতর্ক সঙ্কেত জারি করেছে। কয়েক ঘণ্টার ভারী বর্ষণের কারণে ভূমিধস ও ভয়াবহ বন্যার শঙ্কায় ইতোমধ্যে ৩২ লাখ মানুষকে সরিয়ে নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) পূর্বাভাসে বলছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে জাপানের মধ্য অথবা পূর্বাঞ্চলে আছড়ে পড়তে পারে সুপার টাইফুন হাগিবিস। প্রলয়ঙ্করী এই ঝড়ের গতিবেগ ঘণ্টায় ২১৬ কিলোমিটারের বেশি হতে পারে।

উপকূলের দিকে প্রবল গতিতে অগ্রসর হতে থাকা এই ঝড়ের কারণে টোকিওর পূর্বাঞ্চলের চিবা শহরে একজনের প্রাণহানি ঘটেছে। প্রচণ্ড বাতাসের কারণে গাড়ি উল্টে এই ব্যক্তি মারা গেছেন বলে বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।

পূর্ববর্তি সংবাদদিল্লির রাস্তায় মোদির ভাতিজির মোবাইল ও টাকা ছিনতাই
পরবর্তি সংবাদনিউইয়র্কে বন্দুকধারীদের হামলায় নিহত ৪, আহত ৯