কুমিল্লায় অটোরিকশা উল্টে মাদরাসাছাত্র নিহত

ইসলাম টাইমস ডেস্ক: কুমিল্লায় শ্যালো ইঞ্জিনচালিত একটি অটোরিকশা (ভটভটি) উল্টে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। রোববার সকালে কুমিল্লার হোমনা-মেঘনা রোডে এ দুর্ঘটনায় চালকসহ আরো দুজন আহত হয়েছে।

নিহত জুবায়ের আহম্মেদ (১০) উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামের নও মুসলিম দ্বীন ইসলামের ছেলে ও মুন্সিকান্দি আরাবিয়া ইসলামিয়া মাদরাসার নুরানি নূরানী বিভাগের ছাত্র।

আহতরা হলো- একই গ্রামের অলিউল্লাহর ছেলে রাতুল (১০) ও মকবুল হোসেনের ছেলে ভটভটি চালক শাজু মিয়া (৩৫)। গুরুতর আহত রাতুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও চালক শাজুকে কুমিল্লায় ভর্তি করা হয়।

হোমনা থানার ওসি সৈয়দ মো: ফজলে রাব্বী জানান, সকালে রাতুল ও জুবায়ের শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি যোগে ছয়ফুল্লাকান্দি থেকে ছিনাইয়া এলাকায় যাচ্ছিল। পথে তাদের বহনকারী ভটভটি হোমনা-মেঘনা রোডে উল্টে গেলে ঘটনাস্থলে জুবায়ের নিহত হয়।

ওসি জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার আবেদনের প্রেক্ষিতে জুবায়েরের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদ‘ভারতকে দোষারোপ না করে নিজেদের দায়িত্বশীল হতে হবে’
পরবর্তি সংবাদকুর্দিদের বিরুদ্ধে অভিযান, এরদোগানকে ইমরান খানের সমর্থন