জাপানে টাইফুনে মৃতের সংখ্যা বেড়ে ৩৫

ইসলাম টাইমস ডেস্ক: জাপানে আঘাত হানা ভয়াবহ টাইফুনে মৃতের সংখ্যা বেড়ে ৩৫ পৌঁছেছে। নিখোঁজ রয়েছেন আরো ১৭ জন। হাগিবিস নামের ঝড়কে গত ৬০ বছরে জাপানের সবচেয়ে ভয়াবহ বলে মনে করা হচ্ছে। ঝড়ের জেরে ভূমিধস ও নদীতে জলোচ্ছ্বাস হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে সেনাবাহিনী। খবর জাপান টাইমস ও এনডিটিভির।

 

বাড়ির ছাদে বা ব্যালকনিতে দাঁড়িয়ে তোয়ালে নেড়ে সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করতে দেখা গেছে দুর্গতদের। নাগানো শহরের এক জরুরি সেবা বিভাগের কর্মকর্তা ইয়াসুহিরো ইয়ামাগুচি জানিয়েছেন, এক রাতে ৪২৭টি বাড়ির ১ হাজার ৪১৭ জনকে সরানো হয়েছে। আরো কত বাড়ি বন্যা কবলিত তা স্পষ্ট নয়। আকাশপথে তোলা ফুটেজে দেখা গেছে, নাগানো শহরে পানিতে প্রায় অর্ধেক ডুবে গেছে বুলেট ট্রেন।

হাগিবিসের জেরে ইতোমধ্যেই প্রায় তিন লাখ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টোকিওর সঙ্গে সংযোগকারী সমস্ত বিমানের ফ্লাইট রবিবার সকাল পর্যন্ত বাতিল করা হয়। সরকার ৬ লাখ বাসিন্দাকে এলাকা খালি করার নির্দেশ দিয়েছে।

আবহাওয়া দপ্তরের হিসাবে, ৮৭০ মাইল এলাকাজুড়ে এগোতে থাকা ওই টাইফুনের জেরে তীব্র ঝড়ো বাতাস বইবে। ১৯৫৮ সালে আঘাত হানা টাইফুনে প্রায় ১২শ’ মানুষ প্রাণ হারিয়েছিলেন। তীব্রতায় হাগিবিস তার সমকক্ষ হলেও হতাহত আগের মতো হবে না বলে ধারণা বিশেষজ্ঞদের।

পূর্ববর্তি সংবাদচলছে ২৪ উপজেলা ইউপি পৌরসভায় ভোটগ্রহণ
পরবর্তি সংবাদঅজ্ঞতার শেষ কোথায়, গোপালপুরে শাশুড়িকে বিয়ে করলেন জামাই