ইসলাম টাইমস ডেস্ক : সাধু লালন শাহের ১২৯তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালি উপজেলার ছেঁউড়িয়ার আখড়া বাড়িতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী লালন উৎসব। এতে অনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
লালন একাডেমির আয়োজনে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় আজ (১৬ অক্টোবর) থেকে শুরু হচ্ছে এ উৎসব।
জানা যায়, এ সময় মাজারের ভেতরে ও লালন একাডেমির আশপাশ এলাকায় বাউল ফকিরদের আসর বসে। বাইরে উন্মুক্ত লালন মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। তবে আসরে বাউল গানের পাশাপাশি সিদ্ধি লাভের জন্যে প্রচুর পরিমাণে গাঁজা সেবনেরও অভিযোগ রয়েছে।
আখড়াবাড়ি চত্বর ও আশে পাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। দেশি-বিদেশি দর্শনার্থী, সাধক ও আয়োজকদের নিরাপত্তায় নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত জানান, লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিবারের মতো এবারও বিপুল পুলিশ সদস্য মোতায়েন থাকবে, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ থাকবে। পুরো মেলা পুলিশের সিসি ক্যামেরার আওতায় থাকবে।
















