ইসলাম টাইমস ডেস্ক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত শিক্ষার্থী জায়েদুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় নিহতের মা নূরজাহান বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০/১১ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামী ছাত্রলীগ নেতা মশিউর রহমান কাঞ্চনকে আটক করেছে পুলিশ। আটককৃত মশিউর রহমান কাঞ্চন ঈশ্বরগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক।
জানা যায়, মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রতিশ্রুতি মডেল স্কুলের ছাত্র জায়েদুল ইসলাম এসএসসি নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে স্কুলের সামনে পৌছতেই কয়েকজন দুর্বৃত্ত মুখে কালো কাপড় বেঁধে জায়েদুল ইসলামকে (১৫) ছুরিকাঘাত করে।
এতে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাতে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাতে সে মারা যায়। নিহত জায়েদুল উপজেলার দত্তপাড়া গ্রামের রফিকুল ইসলামের পুত্র।
















