ইসলাম টাইমস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সড়ক ব্যবহারের ক্ষেত্রে সকলকে একটু সচেতন হতে হবে। একটা দুর্ঘটনা ঘটলে শুধুমাত্র চালককে দায়ী করলে চলবে না। বরং কি কারণে দুর্ঘটনা ঘটল, চালক বা পথচারী কার ভুল সেটাও খতিয়ে দেখা দরকার।
আজ সকালে গণভবনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের মানুষ কিন্তু মোটেই সচেতন না। তাদেরকেও সচেতন হতে হবে। যারা রাস্তায় চলাচল করবেন, পারাপার হবেন, এই পারাপারের সময় আপনাকে ডানে-বামে সবদিক দেখে সচেতনভাবে পার হতে হবে।
তিনি আরো বলেন, আবার রাস্তায় যারা যান চালাবেন, মোটরসাইকেল, গাড়ি, বাস ট্রাক চালাবেন তাদেরও সচেতন হতে হবে। কারণ অহেতুক একটা প্রতিযোগিতা করতে গিয়ে অনেক সময় সড়ক দুর্ঘটনা হয়। রাস্তায় যানবাহন চালানোর সময় সবাইকে একটা দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। তা না হলে দুর্ঘটনা ঘটবে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা এমনভাবে যোগাযোগ ব্যবস্থা তৈরি করছি যেখানে মানুষ খুব অল্প সময়ে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যোগাযোগ করতে পারবে। জেলা থেকে একেবারে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত, আবার রাজধানী থেকে বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন পর্যন্ত। এভাবে একটা সড়ক নেটওয়ার্ক গড়ে তোলার ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। যার শুভ ফল আপনারা পাচ্ছেন।
















