ইসলাম টাইমস ডেস্ক: ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছেন, আল-আকসা মসজিদের শহর বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনি জনগণের কাছে তাদের প্রাণের চেয়েও দামি এবং এটি ফিলিস্তিনের চিরস্থায়ী রাজধানী।
কাজেই এই নগরীকে ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করার প্রচেষ্টা কোনোদিন সফল হবে না। হামাসের মুখপাত্র হাজেম কাসেম বুধবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন।
হামাসের এই মুখপাত্র বলেন, মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসজিদে অনুপ্রবেশ করে এই মসজিদের অবমাননা করেছে ইহুদিবাদীরা। মুসলিম উম্মাহর অনুভূতিতে আঘাত হেনেছে তারা।
হাজেম কাসেম বলেন, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থন এবং তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে কিছু আরব দেশের অপতৎপরতার সুযোগে ইহুদিবাদী ইসরাইল আগের চেয়ে বেশি ধৃষ্টতার সঙ্গে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও মুসলিম স্থাপনার অবমাননা করে যাচ্ছে।
কাসেম আরো বলেন, ফিলিস্তিনিরা নিজেদের সামর্থ্য অনুযায়ী ইসলামের পবিত্রতা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা চালাবে এবং ইহুদিবাদীদের হাত থেকে ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত হওয়ার আগ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে।
প্রসঙ্গত, গতকাল বুধবার ইসরায়েলি সেনাদের সশস্ত্র পাহারায় অন্তত ৬০০ ইহুদিবাদী বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদে অনুপ্রবেশ করে এই মসজিদের অবমাননা করেছে। মুসলমানদের প্রথম কেবলা খ্যাত এই মসজিদের একাংশ দখল করে বায়তুল মুকাদ্দাস শহরের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার যে চেষ্টা তেল আবিব করছে তারই অংশ হিসেবে আল-আকসার অবমাননায় এ মদদ দেয়া হচ্ছে।
সূত্র : পার্সটুডে
















