ইসলাম টাইমস ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু বকর সিদ্দিক ওরফে বাবুল নামে এক ইউপি সদস্যকে গণধোলায় দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তালাব গ্রামে। এ ঘটনায় গৃহবধূ বাদি হয়ে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার তালাব গ্রামের আহম্মদ আলী মামলার সুবাদে ময়মনসিংহ আদালতে যান। এই সুযোগে কাচিনা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার ও কাচিনা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক ওরফে বাবুল ঘটনার দিন সন্ধ্যায় আহম্মদ আলীর বাড়িতে গিয়ে তার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
এসময় গৃহবধূ কৌশলে ঘর থেকে বের হয়ে বাহির থেকে দরজায় তালা লাগিয়ে প্রতিবেশিদের খবর দেন। পরে এলাকার লোকজন বাবুলকে গণধোলায় দিয়ে পুলিশে সোপর্দ করেন।
অভিযুক্ত ইউপি সদস্য আবু বকর সিদ্দিক বাবুল জানান, তাকে ষড়যন্ত্রমূলক ভাবে বাড়িতে ডেকে নিয়ে ফাঁসানো হয়েছে। এ ঘটনায় গৃহবধূ বাদি হয়ে ওই মেম্বারের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে ভালুকা মডেল থানায় মামলা (নম্বর-২৩) দায়ের করেছেন।
















