ইসলাম টাইমস ডেস্ক: মাগুরা সরকারি হোসেন সোহরাওয়ার্দী কলেজে ছাত্রীদের হোস্টেলে ঢুকে তাদের নিপীড়ন করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। সর্বশেষ রোববার রাতে বিনা অনুমতিতে কয়েকজন হোস্টেলে ঢুকে মেয়েদের সঙ্গে অশালীন আচরণ, ধাক্কাধাক্কি, রান্না করতে বাধ্য করার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় হোস্টেলের দায়িত্বরত মেট্রনকে সাময়িক বহিষ্কারসহ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ।
কলেজের আবাসিক ছাত্রীরা জানান, অনেকদিন ধরেই ছাত্রলীগের নেতাকর্মীরা হোস্টেলে ঢুকে নিপীড়ন করছে। কলেজ প্রশাসনকে একাধিকবার বিষয়টি জানালেও তারা অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
কলেজের অধ্যক্ষ দেবব্রত ঘোষের কাছে সোমবার সকালে কয়েকজন ছাত্রী রোববারের ঘটনায় অভিযোগ করেন। ছাত্রীদের অভিযোগ, কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহিম ফয়সাল রাব্বিসহ বেশ কয়েকজন দীর্ঘদিন নির্বিঘ্নে মেয়েদের হোস্টেলে যাতায়াত করছেন। তাদের হাতে লাঞ্ছনার শিকার হচ্ছেন অনেক ছাত্রী।
অধ্যক্ষ দেবব্রত ঘোষ বলেন, দায়িত্বে অবহেলার কারণে হোস্টেলের মেট্রন নাসরিন আক্তার, নৈশপ্রহরী আবদুস সালাম ও রাঁধুনি রাজিয়াকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তাদের তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
















