ইসলাম টাইমস ডেস্ক: রাসূল সা.-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিনে মুসল্লিদের প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলিতে ৪ জন নিহত ও শতাধিক আহতের ঘটনার পর কে বা কারা বোরহানউদ্দিনের একটি মন্দিরে হামলা করার খবর ছড়িয়েছে। কথিত এ মন্দির হামলার ঘটনায় অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলাও করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক জানান, মন্দির কমিটির সভাপতি সত্যপ্রসাদ দাস মঙ্গলবার রাতে তাদের থানায় অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলাটি করেন।
বিপ্লব চন্দ্র বৈদ্য শুভ নামে এক হিন্দু তরুণের ফেইসবুক আইডি থেকে রাসূল সা.-এর ব্যাপারে অবমাননাকর বক্তব্য ছড়ানোর পর রোববার ‘তাওহিদী জনতার’ ব্যানারে সমাবেশ হয় বোরহানউদ্দিন উপজেলা ঈদগাহে। সেখানে পুলিশের নির্বিচার গুলিতে চারজন মুসুল্লি শহিদ হন।
এ সময় ভাওয়াল বাড়ি ও গৌর নিতাই আশ্রম মন্দিরে হামলা হয় বলে মামলায় অভিযোগ করেছেন সত্যপ্রসাদ দাস।
তিনি বলেন, “রোববার দুপুরের দিকে হঠাৎ শতাধিক হামলাকারী এসে ভাওয়াল বাড়ির আট-নয় টি বাড়ি ভাংচুর করে এবং আমাকে মারধোর করে।”
বোরহানউদ্দিন থানা থেকে একটু দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ভাওয়াল বাড়িতে হিন্দু-মুসলিমসহ গোটা চল্লিশেক পরিবার বাস করে।
















