ইসলাম টাইমস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পৌরসভার সরবরাহকৃত পানি পান করে ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮৩ জন রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
আক্রান্ত রোগীদের বেশিরভাগই চাঁপাইনবাবগঞ্জ শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। চিকিৎসকরা জানিয়েছে, দূষিত খাবার পানি পান করে এই ডায়েরিয়া ছড়িয়ে পড়েছে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাদিম সরকার জানান, গত ২৪ ঘণ্টায় শিশুসহ ৮৩ জন ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে চিকিৎসকরা বলছেন আতঙ্কিত হওয়ার কিছু নেই। দূষিত পানি থেকে এই ডায়েরিয়ার প্রাদুর্ভাব ঘটেছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী ও পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম ডায়েরিয়া ওয়ার্ড পরিদর্শন করেন।
এ বিষয়ে তিনি বলেন, ধারণা করা হচ্ছে পৌরসভার সরবরাহকৃত পানি থেকে ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছে তারা। তাদের চিকিৎসার ত্রুটি নেই। এছাড়া পানি পরীক্ষার জন্য রাজশাহী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
এ দিকে, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম জানান, পাইপলাইনের সরবরাহকৃত পানি ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে পৌর কর্তৃপক্ষ এলাকায় প্রচার-প্রচারণা চালাচ্ছে। পৌরসভার একটি পর্যবেক্ষণ দল কাজ করছে।
















