প্রশাসনের নিষেধাজ্ঞায় ভোলায় ‘মুসলিম ঐক্য পরিষদে’র কর্মসূচি স্থগিত, আটক ৩

ভোলায় গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত ফোর্স মোতায়েন।

ইসলাম টাইমস ডেস্ক: প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে ৭২ ঘণ্টার আল্টিমেটামের শেষ দিনে ভোলায় সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের দোয়া ও মুনাজাত কর্মসূচি স্থগিত করা হয়েছে। সঙ্গে ভোলার অভ্যন্তরীণ ও বাহিঃরুটে সকল ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ ঘোষণাসহ তিনজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ৩ টায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি আয়োজনের কথা থাকলেও শাসনের নিষেধাজ্ঞার কারণে তা স্থগিত করা হয় বলে জানিয়েছেন সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের যুগ্ম-সদস্য সচিব মাওলানা মিজানুর রহমান।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদকে সকল ধরণের কর্মসূচি স্থগিত রাখার কথা বলা হয়েছে। এদিকে ব্যাপক জনসমাগম ঠেকাতে ভোর থেকেই ভোলার অভ্যন্তরীণ সব কটি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।

এ ছাড়া বরিশালের নৌ-রুটেও লঞ্চ, স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিকালে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের দোয়া মাহফিলকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ভোলায়। কাজ ছাড়া মানুষ বের হচ্ছে না রাস্তায়।

অপরদিকে ভোলা সরকারি স্কুল মাঠসহ শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব, বিজিবি ও কোস্টগার্ড মোতায়েন রয়েছে।

এদিকে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের দোয়া মাহফিলকে কেন্দ্র করে ‘বিশৃঙ্খলা’ সৃষ্টির আশঙ্কায় তিনজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনায়েত হোসেন। এখনো পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

পূর্ববর্তি সংবাদজলঙ্গির পদ্মায় ইলিশ ধরায় অনুমতি দিয়েছে বিএসএফ
পরবর্তি সংবাদরংপুরে তিন শতাধিক ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার