ইসলাম টাইমস ডেস্ক : তাবলিগ জামাতের আলমি শুরার আমির হাজি আবদুল ওয়াহাব রহ.-এর নামাজে জানাযা সম্পন্ন হয়েছে। জানাযায় পাকিস্তানের সর্বশ্রেণির মানুষ অংশগ্রহণ করেছে।
লাখ লাখ মানুষের অংশগ্রহণে আজ মাগরিবের নামাজের পর নামাজে জানাজা রাওয়ালপিন্ডি তাবলিগি মারকাজে অনুষ্ঠিত হয়েছে।
হাজি আবদুল ওয়াহাব রহ.-এর জানাযা উপলক্ষ্যে পাকিস্তান সরকার বাস, ট্রেন ও বিমানের বিশেষ সার্ভিস চালু করেছিলো।
হাজি আবদুল ওয়াহাব রহ. আজ ১৮ নভেম্বর ৯৫ বছর বয়সে ইন্তেকাল করেছেন।
তার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, শীর্ষ উলামায়ে কেরাম শোক প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, হাজি আবদুল ওয়াহাব রহ.-এর অসামান্য দ্বীনি খেদমত চির স্মরণীয় হয়ে থাকবে। আমি তার রুহের মাগফিরাত ও জান্নাতে তার উচ্চ মর্যাদা কামনা করছি। আল্লাহ তায়ালা তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন।
প্রধান বিচারপতি সাকিব নিসার বলেছেন, জাতি আজ একজন উত্তম অভিভাবক হারালেন। তিনি তার জীবনকে দাওয়াত ও তাবলিগের জন্য ওয়াকফ করেছিলেন।
জানাযা পূর্ব বক্তৃতায় পাকিস্তানের বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব মাওলানা তারিক জামিল বলেছেন, তাবলিগ জামাত ও আমরা সবাই হাজি আবদুল ওয়াহাব রহ.-এর হাতে গড়া বাগানের বাসিন্দা। তার মৃত্যুতে আমরা শোকাহত। মনের দুঃখ প্রকাশের মতো ভাষা আমার নেই।
সূত্র : এআরওয়াই নিউজ
















