ইসলাম টাইমস ডেস্ক : যশোরে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়া সেই এসআইকে ক্লোজড করা হয়েছে। রবিবার রাত ৯টার দিকে যশোরের পুলিশ সুপার মঈনুল হক গণমাধ্যমকে এ কথা জানান। ক্লোজড হওয়া উপ-পরিদর্শকের (এসআই) নাম এসআই আমিরুজ্জামান।
এছাড়াও এ ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপারকে (ডিএসবি) দায়িত্ব দেয়া হয়েছে। পাঁচ কর্মদিবসের মধ্যে তাকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এর আগে, যশোর কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আমিরুজ্জামান ও এসআই ইকবাল হোসেনের ইয়াবা সেবন ও তাস খেলার একটি ভিডিও ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, কোতোয়ালি মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিরুজ্জামান ও ইকবাল হোসেনসহ আরও এক ব্যক্তি খালি গায়ে পিয়ালের গাড়ি সার্ভিসিংয়ের গ্যারেজে তাস খেলছেন। এরই ফাঁকে ফাঁকে ইয়াবা সেবন করছেন এসআই আমিরুজ্জামান ও ইকবাল। তবে পাশে বসে ইয়াবা সেবন করা ওই ব্যক্তির মুখ ভিডিওতে দেখা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, যশোরের বাবলাতলা এলাকার বাসিন্দা পিয়ালের গাড়ি সার্ভিসিংয়ের গ্যারেজে মাঝেমধ্যে তাস খেলার আসর বসান কোতোয়ালি মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিরুজ্জামান। তাস খেলার পাশাপাশি সেখানে ইয়াবা সেবনের আসর বসে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিরুজ্জামান বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি আমি দেখিনি, তবে এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ ছড়িয়ে দিয়েছে।
















