মাওলানা শিহাব সাকিব ।।
জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার শায়খ, দেশের বরেণ্য হাদীস বিশারদ, বিশিষ্ট গবেষক আলেম ও বহু গ্রন্থপ্রণেতা মাওলানা আবদুল মতিন বলেছেন, “মাওলানা আবদুল মালেক সাহেব শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহর বিশেষ নিয়ামত। তিনি এদেশের গর্ব, পৃথিবীর গর্ব।” গত ২৬ অক্টোবর তাবলিগ জামাতের সাথীদের উদ্দেশ্যে এক প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমরা ঢাকায় কাজী মুতাসিম বিল্লাহ, মাওলানা নূর হুসাইন কাসিমীর মত বড় আলেমদের কাছে পড়েছি। দেওবন্দ গিয়েও বড় বড় আলেমদের সান্নিধ্য লাভ করেছি। তবুও আমরা কেন মাওলানা আবদুল মালেকের ভক্ত? তাঁর কাছে ইলম আছে। তিনি কথা অত্যন্ত ভদ্র ও নম্রভাবে বলেন। কখনো আদবের খেলাফ করেন না। এরকম মানুষ আমরা দেখিনি। সারা বিশ্বের আলেম ওলামা তার কদর করেন।
মাওলানা আবদুল মালেকের উস্তায আরবের বিখ্যাত হানাফি আলেম, মুহাম্মদ ইবনু সাউদ ইউনিভার্সিটির হাদীস বিভাগের প্রধান শায়খ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ রহ. বলেন, “এক সময় আলেম-ওলামা মাওলানা আবদুল মালেকের কাছে সফর করে করে আসবে!”
বিখ্যাত হাদীস বিশারদ শায়খ আবদুর রশিদ নুমানী রা. বলেন, “এমন মেধাবী ছাত্র আমার জীবনে আমি পাইনি।”
মাওলানা আবদুল মালেক শায়খ মুহাম্মদ আওয়ামার আসারুল হাদীসিশ শরীফের উপর পর্যালোচনা লিখে পাঠিয়েছিলেন তার কাছে। শায়খ উত্তরে যে চিঠি লিখেছিন সেটা আমি নিজে পড়েছি।
শায়খ লিখেছেন, তোমার অনেকগুলো মশওয়ারা আমি গ্রহণ করে নিলাম। আর এটা পড়ে আমার মনে হয়েছে তোমাকে নিয়ে শায়খ আবদুল ফাত্তাহের মেহনত যথাযথ হয়েছে। ফল পেকেছে।
সালমান আবু গুদ্দাহ যখন শায়খ আবদুল ফাত্তাহের জীবনী প্রকাশ করবেন, তখন আবদুল মালেক সাহেবের কাছে চিঠি লিখেছেন, শায়খ সম্পর্কে কিছু লিখেন। তিনি একটা বড় অংশ আরবিতে লিখে পাঠান।”
















