ইসলাম টাইমস ডেস্ক : ইরাকের তিকরিত শহরে একটি গাড়িবোমা হামলায় অন্তত পাঁচজন নিহত ও ১৬জন আহত হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, রবিবার শহরটিতে বোমা হামলায় বেশকিছু গাড়িতে আগুন ধরে যায়। নিরাপত্তা কর্মীরা শহরের বেশকিছু রাস্তাঘাট বন্ধ করে দেয় এবং আরো কোনো হামলা এড়ানোর জন্যে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে।
এখনও পর্যন্ত এই হামলার দায় কোনও গোষ্ঠী স্বীকার করেনি।
ইরাকের রাজধানী বাগদাদ থেকে প্রায় ১০০ মাইল উত্তরে তিকরিত শহরের অবস্থান। ২০১৭ সালে আইএস পরাজিত হওয়ার পর থেকে শহরটিতে এ ধরনের হামলা খুব একটা দেখা যায়নি।
সামরিকভাবে পরাজিত হওয়ার পর থেকে আইএস দেশটির বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। বিশ্লেষক ও নিরাপত্তা সূত্রগুলো সতর্ক করে দিয়ে বলেছে, দেশটির পশ্চিম ও উত্তরাঞ্চলের সুন্নি অধ্যুষিত এলাকাগুলোতে এ ধরনের হামলা বাড়ছে। তবে রাজধানী বাগদাদের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে।
ইরাকি সরকার এই সপ্তাহে বলেছে, সিরিয়ার পশ্চিমাঞ্চল থেকে প্রায় দুই হাজার আইএস ইরাকের প্রবেশের চেষ্টা চালাচ্ছে। এবং নিরাপত্তা বাহিনী তাদের প্রতিরোধ করার প্রস্তুতি নিচ্ছে।
সূত্র : রয়টার্স
















