ইসলাম টাইমস ডেস্ক: সাম্প্রতিক সময়ে ভারত সফরে দেশটির সঙ্গে করা চুক্তিগুলো সম্পর্কে জানতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেবে বিএনপি।
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়।
বৈঠকে স্কাইপিতে যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। দ্রুত তাকে জামিনে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের চলমান পুনর্গঠন কার্যক্রম তরান্বিত করার সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।
স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আমাদের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করে এসেছেন। সেখানে তিনি দেশটির সঙ্গে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করেছেন। সেই চুক্তিগুলো সম্পর্কে আমরা জানতে তাকে চিঠি দেব।
















