ইসলাম টাইমস ডেস্ক: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার উত্তর রৌহা গ্রামে জমির বিরোধে জোসনা বেগম (৪৫) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রবিবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে সাটুরিয়া উপজেলার উত্তর রৌহা গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে জোসনা বেগমের সাথে প্রতিবেশী মতিউর রহমান ও মজিবুর রহমানের ৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রবিবার বিকেলে জোসনা বেগমের ছেলে স্বপন বিরোধপূর্ণ জমিতে বেড়া দিয়ে ঘিরে ফেলে। এ সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।
রাত ৮টার দিকে মতিউর রহমান ও মজিবুর রহমানের লোকজন জোসনা বেগমের বাড়িতে হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন জোসনা বেগম। তাকে সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাটুরিয়া থানার ওসি মো. মতিয়ার রহমান মিঞা জানান, নিহত জোসনা বেগমের ছেলে স্বপন বাদী হয়ে ৪ ব্যক্তির নামসহ অজ্ঞাত আরো ৩/৪ জনের নামে একটি হত্যা মামলা করেছে। এ ঘটনায় মো. মতিউর রহমান ও মজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। লাশের ময়নাতদন্ত রিপোর্ট পেলে বুঝা যাবে এটি হত্যা না অন্যকিছু।
















