২৬ নভেম্বর টঙ্গী মাঠে বাদ ফজর কওমি মাদরাসার শিক্ষাবোর্ডের মুরব্বিগণ এবং বিভিন্ন ইমাম-খতিবদের সংগঠনের দায়িত্বশীলদের নিয়ে আবারও পরামর্শ সভা
আবরার আবদুল্লাহ ।।
আগামী বিশ্ব ইজতেমা এবং ইজতেমা পূর্ব পাঁচ দিনব্যাপী জোড় সামনে রেখে আজ ঢাকা ও গাজীপুর হালকার তাবলিগি সাথী ও মাদরাসাগুলোর প্রিন্সিপাল ও শিক্ষা বিভাগীয় প্রধান আলেমদের সঙ্গে বিশেষ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
পরামর্শ সভায় ইজতেমা ও ইজতেমা পূর্ব জোড়ের তারিখ ঠিক রাখা, কাকরাইলের মুরব্বিদের সাথে বাংলাদেশ কওমি শিক্ষাবোর্ড বেফাকসহ অন্যান্য শিক্ষাবোর্ডের যোগাযোগ বৃদ্ধি, তাবলিগের কাজে উলামা-তলাবাদের (শিক্ষক-ছাত্র) আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করাসহ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে অংশগ্রহণকারী একাধিক সূত্র ইসলাম টাইমসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
আজ সোমবার সকালে টঙ্গীর ইজতেমা ময়দানস্থ টিনসেড মসজিদে এই বিশেষ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
পরামর্শ সভায় মাওলানা মাহফুজুল হক, মাওলানা মাসউদুল করিম, মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী, মাওলানা আবদুল মতিন ও মাওলানা রবিউল হকসহ শীর্ষ আলেম ও কাকরাইলের মুরুব্বিগণ উপস্থিত ছিলেন।
পরামর্শ সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে, ১. কাকরাইলের মুরুব্বিদের সাথে বেফাকসহ দেশের সব কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের যোগাযোগ বাড়ানো।
২. কাকরাইল ও বোর্ডসমূহের শীর্ষস্থানীয় আলেম ও মুরুব্বিদের সমন্বয়ে উচ্চতর কমিটি গঠন করা। যারা উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সিদ্ধান্ত গ্রহণ করবে।
৩. ইমাম ও খতিবদের আঞ্চলিক সংগঠনগুলোর সঙ্গে স্থানীয় সাথীদের যোগাযোগ সৃষ্টি করা।
৪. আগামী ২৬ নভেম্বর টঙ্গী মাঠে বাদ ফজর কওমি মাদরাসার শিক্ষাবোর্ডের মুরব্বিগণ এবং বিভিন্ন ইমাম-খতিবদের সংগঠনের দায়িত্বশীলদের নিয়ে আবারও পরামর্শ সভা করা।
৫. ইজতেমা ও ইজতেমা পূর্ব ৫ দিনের জোড় সফল করতে শিক্ষকদের তত্ত্বাবধানে বৃহত্তর ঢাকার মাদরাসা ছাত্রদের তাবলিগি মেহনতে সাথে সম্পৃক্ত করা।
৬. ইজতেমার প্রস্তুতি সুন্দর করতে ইজতেমার তারিখের সাথে সমন্বয় করে কওমি মাদরাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষা নেয়া।
৭. অতীতের মতো এবারও ইজতেমা ও জোড় চলাকালীন মক্কা ও মদিনায় বিশেষ দোয়ার ব্যবস্থা চালু রাখা।
৮. যে সকল মসজিদে বর্তমানে মেহনত বন্ধ আছে, সেগুলো পুনরায় চালু করতে উদ্যোগ নেয়া।
৯. বিশেষ কোনো পরিস্থিতি তৈরি না হলে জোড় ও ইজতেমার তারিখ বহাল রাখা।
১০. স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে দেওবন্দে প্রতিনিধি দল পাঠানোর যে সিদ্ধান্ত হয়েছে সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা।
১১. মসজিদ ভিত্তিক তালিমে ইমাম ও খতিবদের অংশগ্রহণ বৃদ্ধি।
১২. প্রতি বছরের মতো এবারও তাকমিল সম্পন্নকারী শিক্ষার্থীদের তাশকিলের জন্য মাদরাসাগুলোতে যোগাযোগ করা হবে।
এছাড়া পরামর্শ সভায় ইজতেমার মাঠ প্রস্তুত করতে হালকা ভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয় এবং ইজতেমা শেষ হওয়ার আগ পর্যন্ত মসজিদে মসজিদে বিশেষ দোয়ার ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়।
দোয়ার মাধ্যমে সকাল ১০টায় পরামর্শ সভা শেষ হয়।
















