লঞ্চে স্কুলছাত্রীকে ধর্ষণ, সালিশে উল্টো ধর্ষিতাকেই বেত্রাঘাত

ইসলাম টাইমস ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে লঞ্চযোগে ঢাকায় নেওয়ার পথে ধর্ষণের ঘটনা ঘটেছে। অন্যদিকে ধর্ষণের শিকার ছাত্রীটি বাড়িতে ফিরে আসলে উল্টো তাকেই দায়ী করে স্ট্যাম্পে স্বাক্ষর আদায় করা হয়েছে। এ সময় সালিশি বৈঠকে বেত্রাঘাতকরেন স্থানীয় ইউপি সদস্য।

ঘটনার পর ঘটনার শিকার ছাত্রীটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। সেখানে জবানবন্দিও দিয়েছে ওই ছাত্রী। এরইমধ্যে সম্পন্ন হয়েছে ডাক্তারি পরীক্ষা।

থানায় দায়ের করা মামলা ও আদালতে দেওয়া জবানবন্দিতে জানা গেছে, ফরিদগঞ্জের বালিথুবার আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে একই এলাকার থাই এলমুনিয়ামের মিস্ত্রি ফারুক উকিল (২৪) প্রেমের সর্ম্পকগড়ে ওঠে। গত ৩০ অক্টোবর ছাত্রীটি স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়।

এ সময় তাকে সিএনজিচালিত অটোরিকশায় জোর করে তুলে প্রথমে চাঁদপুর নিয়ে যায় ফারুক। পরে লঞ্চযোগে ঢাকায় নিয়ে যায়। লঞ্চে কেবিনে অবস্থান করার সময় ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে। পরে সদরঘাট পৌঁছে আরেকটি লঞ্চযোগে তাকে নিয়ে চাঁদপুর ফিরে আসে ফারুক।

এদিকে, এলাকায় আসার পর ঘটনা জানাজানি হয়ে গেলে বিয়ে এবং সালিশের মাধ্যমে সুরাহার কথা বলেন স্থানীয় ইউপি সদস্য হারিছ মিয়া, মহসীন তপাদার। গত তিন দিন আগের ওই সালিশে তারা ছাত্রীর কাছ থেকে পাঁচটি ননজুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর রাখেন। একইসঙ্গে ইউপি সদস্য হারিছ মিয়ার নির্দেশে ছাত্রীটিকে বেত্রাঘাত করা হয়।

ঘটনার ছয় দিন পর গত ৪ নভেম্বর ছাত্রীটির মা বাদী হয়ে ফারুক উকিলকে প্রধান এবং ইউপি সদস্যসহ সালিশে উপস্থিতদের অভিযুক্ত করে ফরিদগঞ্জ লিখিত অভিযোগ করেন। পুলিশ ঘটনাটি আমলে নিয়ে মামলা হিসেবে গ্রহণ করে। পরদিন ৫ নভেম্বর ডাক্তারি পরীক্ষার জন্য ছাত্রীটিকে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ। একইসঙ্গে চাঁদপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান জামানের আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি প্রদান করে ছাত্রীটি।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর  রকিব বলেন, ‘ধর্ষণের ঘটনায় সালিশের কোনও সুযোগ নেই। কিন্তু সালিশের নামে কালক্ষেপণ, স্ট্যাম্পে স্বাক্ষর আদায় এবং বেত্রাঘাতের মতো ঘটনা ঘটেছে, যা অপরাধ হিসেবে বিবেচিত হবে।’

পূর্ববর্তি সংবাদপ্রথম আলো এই ধরনের ঘটনা কীভাবে ঘটায়: প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদআবরার হত্যার চার্জশিট, ২৪ আসামির সবাই ছাত্রলীগের