ইসলাম টাইমস ডেস্ক : মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকার রঈস বিশিষ্ট ফকীহ মুফতি আবুল হাসান মুহাম্মাদ আব্দুল্লাহ ঘুর্ণিঝড়ের সময় দেশের সর্বস্তরের মানুষকে তওবা-ইস্তেগফার ও দোয়া করার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে উপকূলীয় এলাকাবাসীকে জানমাল রক্ষায় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার উপর গুরুত্বাপরোপ করেছেন। ঘূর্ণিঝড় বুলবুল আজ রাতে প্রবল বেগে আঘাত হানতে পারে -এমন খবর প্রকাশ পাওয়ার পর ইসলাম টাইমসের পক্ষ থেকে তাঁর সাথে যোগযোগ করা হলে তিনি এসব কথা বলেন।
মুফতি আবুল হাসান মুহাম্মাদ আব্দুল্লাহ বলেন, এ জাতীয় দুর্যোগ ও সংকটের সময় তওবা ইস্তেগফার করা এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা গোটা দেশবাসীর দায়িত্ব। শুধু উপকূলীয় এলাকার বাসিন্দারা নন বরং সারা দেশের মানুষের দায়িত্ব আজ রাতে বেশি বেশি দোয়া করা। এবং এ বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়া।
প্রশাসনের পক্ষ থেকে উপকূলীয় এলাকার মানুষজনকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার আহ্বান করা হলেও অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে চাচ্ছেন না। তাদেরকে জোর করে আশ্রয় কেন্দ্রে নিতে হচ্ছে- এ বিষয়ে মুফতি আবুল হাসান মুহাম্মদ আবদুল্লাহ বলেন, এমন সংকটের সময় জীবন বাঁচানো এবং প্রাণ বাঁচানোর জন্য উদ্যোগী হওয়া এবং নিরাপদ জায়গায় আশ্রয় নেয়াই ইসলামের শিক্ষা। এসব ক্ষেত্রে হঠকারিতা বা উদাসীনতার কোনো সুযোগ নেই। বরং উপদ্রুত অঞ্চলে বসবাসরত প্রতিটি পরিবারের করণীয় হচ্ছে, নিকটবর্তী আশ্রয়কেন্দ্র বা নিরাপদ জায়গা গিয়ে ওঠা। এজন্য মসজিদসহ বিভিন্ন দ্বীনী কেন্দ্র থেকেও উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সচেতন ও উদ্বুদ্ধ করতে আহ্বান জানান তিনি।
















