ক্ষুদ্র ঋণে দারিদ্র্য দূর হয় না, বরং লালন-পালন হয় : প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য হয় না, দারিদ্র্য লালন-পালন হয় মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কেউ কেউ এর প্রবক্তা হিসেবে নাম-যশ কামালেও বাস্তবতা হচ্ছে যে দেশের জনগণ এর অতটা সুফল পায়নি।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত ‘উন্নয়ন মেলা ২০১৯’ উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘একসময় আমরা দেখেছি ক্ষুদ্র ঋণ নিয়ে (কর্মসূচি) কেউ কেউ খুব বাহবা নেওয়ার চেষ্টা করেছেন। একসময় আমরাও এটাকে সমর্থন দিয়েছিলাম, ভেবেছিলাম যে এর মাধ্যমে বুঝি মানুষ দারিদ্র্যসীমার ওপরে উঠতে পারবে। কিন্তু যখন আমরা বিষয়টা আরও গভীরভাবে দেখলাম, তাতে দেখলাম আসলে এর মাধ্যমে দারিদ্র্য বিমোচন হয় না, দারিদ্র্য লালন-পালন হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষুদ্র ঋণটা স্বাধীনতার পরপরই জাতির পিতা শুরু করেছিলেন। যদিও আমাদের দেশে কেউ কেউ ক্ষুদ্র ঋণের প্রবক্তা সেজে বিশ্বে ভালো নামটামও করে ফেলেছেন। কিন্তু দেখা গেছে, হয়তো নিজে যতটা নাম কামিয়েছেন দেশের মানুষ ততটা শুভ ফল পায়নি, এটা হলো বাস্তব।’

 

পূর্ববর্তি সংবাদমিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ-ইসরায়েল
পরবর্তি সংবাদবিএনপি ব্যর্থ দল, খালেদার মুক্তির জন্য একটা আন্দোলনও করতে পারেনি : ওবায়দুল কাদের