ইসলাম টাইমস ডেস্ক : মাদকসহ নানান বিতর্কের কারণে এবার কক্সবাজার-৪ আসনের এমপি আবদুর রহমান বদি দলীয় মনোনয়ন না পেলেও মনোনয়ন পাচ্ছে তার স্ত্রী শাহীনা আক্তার চৌধুরী। একইভাবে নিজ দলের প্রতিপক্ষকে খুন করার অভিযোগে আটক টাইঙ্গল-৩ আসনের সাংসদ মনোনয়ন না পেলেও মনোনয়ন পাচ্ছেন তার পিতা আতাউর রহমান খান। অর্থাৎ বিতর্কিত এই দুই সংসদ সদস্য মনোয়ন হারালেও দলীয় সমর্থন থাকছে তাদের ঘরেই।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকে এসব তথ্য দেন।
তিনি বলেন, যে দুইজন সাংসদকে নিয়ে বিতর্ক আছে, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আবদুর রহমান বদি ও টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আমানুর রহমান খান রানা- তাদের মনোনয়ন দেয়া হয়নি। জরিপে টাঙ্গাইলে রানা ও টেকনাফে বদি অনেক এগিয়ে তারপরও তাদের বাদ দেয়া হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, কক্সবাজারে বদিকে বাদ দিয়ে তার স্ত্রী শাহীনা আক্তার চৌধুরীকে এবং টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে রানার বাবা আতাউর রহমান খানকে মনোনয়ন দেয়া হয়েছে।
তাদের বাদ দেয়া হলেও পরিবারের মধ্যেই মনোনয়ন থেকে যাচ্ছে এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ঘরের সব কী অপরাধী? আপনি অপরাধী হলে আপনার মা-বাবা কে তার ভাগীদার? পরিবারের সবাই কী খারাপ লোক? বদির সম্পর্কে যে বিতর্ক আছে সে কী প্রমাণিত? আপনারা কেউ কী সেটা প্রমাণ করতে পেরেছেন?
















