মিসর-তুরস্ক থেকে বিমানে আনা হবে পেঁয়াজ: বাণিজ্য সচিব

ইসলাম টাইমস ডেস্ক: বাণিজ্য সচিব জাফর উদ্দিন বলেছেন, বিমানে করে পেয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী সপ্তাহের মাঝামাঝিতে মিসর ও তুরস্ক থেকে বিমান যোগে পেঁয়াজ ঢাকায় পৌঁছাবে।

শুক্রবার তিনি বলেন, ‘বাজারের এই পরিস্থিতিতে সরকার মিশর ও তুরস্ক থেকে বিমানযোগে পেঁয়াজ আনার উদ্যোগ নিয়েছে। আগামী সপ্তাহের সোম অথবা মঙ্গলবার এই পেঁয়াজ দেশে এসে পৌঁছাবে। তারপর টিসিবির মাধ্যমে সারা দেশে ব্যাপকভিত্তিতে পেঁয়াজ বিপণন করা হবে।’

ঢাকার পাইকারি বাজারগুলোতে শুক্রবার ভালো মানের দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতিকেজি ২২০ টাকা থেকে ২৩০ টাকায়, মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হয়েছে ১৮০ টাকা থেকে ১৯০ টাকায়, আর মিসর-তুরস্কের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ টাকা থেকে ১৭০ টাকায়।

ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানার পর থেকে প্রতিদিন পেঁয়াজের দাম ২০ টাকা থেকে ৩০ টাকা হারে বাড়ছে। পাইকারির সাথে পাল্লা দিয়ে প্রতিদিনই খুচরায় বাড়ছে পেঁয়াজের দাম। এদিন খুচরায় সর্বোচ্চ ২৪০ টাকায় বিক্রি হয়েছে পেঁয়াজের কেজি।

অস্বাভাবিকভাবে দাম বৃদ্ধির জন্য পেঁয়াজের সরবরাহ ঘাটতির কথা বলছেন ব্যবসায়ীরা।

সেপ্টেম্বরের শেষ দিকে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর আমদানি করতে নতুন দেশ খুঁজতে শুরু করে বাংলাদেশ। এরপর ৬৬ হাজার ১৬২ টন পেঁয়াজ আমদানির অনুমতিপত্র (এলসি) খোলা হলেও বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে পেঁয়াজ এসেছে মাত্র ছয় হাজার টনের মতো।

এই পরিস্থিতিতে অন্যদের ওপর নির্ভরতা বাদ দিয়ে সরকারিভাবেই পেঁয়াজ আমদানি করা হচ্ছে বলে বাণিজ্য সচিব জানান। তিনি বলেন, ‘এই প্রথম সরকার নিজ উদ্যোগে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করছে। পরিস্থিতি এখন সেই পর্যায়ে পৌঁছেছে। নতুন পেঁয়াজ আসার আগ পর্যন্ত এবং সমুদ্র পথে পেঁয়াজ আসার আগ পর্যপ্ত এভাবে চালিয়ে নেয়া হবে।’

‘শুধু মিসর তুরস্ক নয়, ইউক্রেইন, আফগানিস্তানসহ আরও কয়েকটি দেশ থেকে বিমান যোগে পেঁয়াজ আনতে কিছু বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হয়েছে।’

তবে প্রতিদিন কী পরিমাণ পেঁয়াজ আসবে এবং দাম কত হবে, সে বিষয়টি এখনই পরিষ্কার করতে চাননি তিনি।

পেঁয়াজের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে অগ্রাধিকারের ভিত্তিতে আমদানি, অসাধু চক্রের বিরুদ্ধে অভিযান, খোলা বাজারে সুলভমূল্যে বিক্রিসহ নানা উদ্যোগের কথা উল্লেখ করে বাণিজ্য সচিব জাফর উদ্দিন বলেন, ‘এরপরেও বাজার পরিস্থিতি সন্তোষজনক করা যায়নি। এই ক্ষেত্রে কেবল সরকারের ব্যর্থতা নয়, বরং বিশ্ববাজারের সঙ্গে সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় কাজ করেছে। তবে এই মুহূর্তে ওই সব বিশ্লেষণ করে লাভ নেই।’

পূর্ববর্তি সংবাদজানুয়ারির শুরুতেই বাড়তে পারে বিদ্যুতের মূল্য
পরবর্তি সংবাদশাহআলীতে র‌্যাবের অভিযান, আটক ১ মাদককারবারী