ইসলাম টাইমস ডেস্ক: জাতিগত নিধনে রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যা ও নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত নির্দেশ প্রত্যাখ্যান করেছে মিয়ানমার।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে রোহিঙ্গাদের ওপর দমন-পীড়ন তদন্তের অনুমতি দেয় আন্তর্জাতিক অপরাধ আদালত। এর ফলে মিয়ানমারের বিরুদ্ধে তদন্ত চালানোর সুযোগ তৈরি হয়।
তবে আন্তর্জাতিক আদালতের এই তদন্তের বিষয়টি প্রত্যাখ্যান করে মিয়ানমার সরকারের মুখপাত্র জাও তেই স্থানীয় সময় শুক্রবার (১৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বলেন, মিয়ানমারের ওপর আইসিসির এই তদন্ত আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এ সময় তিনি আরও বলেন, এ বিষয়টি তদন্তের জন্য মিয়ানমারের নিজেদেরই কমিটি রয়েছে। প্রয়োজনে যে কোনো ধরনের নির্যাতনের বিরুদ্ধে তদন্ত এবং জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
এর আগে গত সোমবার (১১ নভেম্বর) আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। এই মামলার সূত্র ধরেই মিয়ানমারের বিরুদ্ধে তদন্তের অনুমতি দেওয়া হয়। সূত্র : ইরাবতী
















