ইসলাম টাইমস ডেস্ক: টাঙ্গাইলে শহরে আওয়ামী লীগের দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে আইনশৃঙ্খলায় অবনতির আশঙ্কায় টানা তিন দিনের ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলা শহরের অধিকাংশ প্রবেশদ্বারে চেকপোস্ট বসিয়ে চলছে যানবাহন তল্লাশি।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে আগামী শনিবার সন্ধা ৭টা পর্যন্ত শহরের পৌর উদ্যান ও শহীমিনারসহ আশপাশের বিভিন্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
জানা যায়, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানার বড় ভাই আমিনুর রহমান খান বাপ্পীর মৃত্যুবার্ষিকী পালনের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে টাঙ্গাইলের রাজনীতি। খান পরিবারের কর্মসূচির পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে তাদের বিরোধীপক্ষ। যার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন গণমাধ্যমকে জানান, আওয়ামী লীগের দু গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সংঘর্ষের সম্ভাবনা আছে। যে কারণে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। জনগণের জানমাল রক্ষার্থে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে বেশ কিছু জায়গায় চেকপোস্টও বসানো হয়েছে।
















